Logo Logo

গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়ার জেরে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের উত্তর পাড়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (১০ মে) সন্ধ্যায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে বাকিতে মালামাল ক্রয় করে আসছিলেন। প্রায় ৯ মাস আগে পাওনা টাকা পরিশোধের তাগিদ দিলে প্রতিপক্ষের লোকজন মান্নান খানকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। ওই সময় এ বিষয়ে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল।

আহত ইউপি সদস্য ছাব্বির হোসেন অভিযোগ করেন, পূর্বের সেই শত্রুতার জের ধরে রোববার সন্ধ্যায় গামা, রুবেল, মোফাজ্জেল ও কামরুলসহ ২০-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে প্রথমে তার বাবার ওপর হামলা চালায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও আক্রমণ করা হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), সাবেক নারী ইউপি সদস্য হাসিনা বেগম (৫৫), সোহাগ খান (৩০), খলিল খান (৩৩), ইসা খান (২৬) ও সবজি খান (৩০)-কে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রতিপক্ষের আরও ৬ জন আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছাব্বির হোসেন জানান, আহত ১৩ জনের আঘাতই গুরুতর। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এ ঘটনার বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো নতুন মামলা দায়ের করা হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...