বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই ভোটদান প্রক্রিয়া শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। সুপ্রিম কোর্টের মোট ১১ হাজার ৯৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত নির্বাচন উপকমিটি এই ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করছে।
নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ থেকে সভাপতি পদে সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী লড়ছেন। এই প্যানেলের অন্যান্য পদপ্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদের জন্য লড়ছেন এ কে এম আজাদ হোসেনসহ মোট সাতজন প্রার্থী।
জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সভাপতি পদে আবদুল বাতেন এবং সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলে সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম এবং সহ-সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া রয়েছেন। এছাড়াও সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারীসহ আরও সাতজন প্রার্থী এই প্যানেল থেকে অংশ নিচ্ছেন।
এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ থেকে এবার সভাপতি পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু এবং সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী এই প্যানেল থেকে লড়ছেন। পাশাপাশি সদস্য পদে আমিনা আক্তার লাভলীসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিভিন্ন প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। এছাড়াও সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...