বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার ডুমরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়া ২ নম্বর ওয়ার্ডে এই উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী। তিনি নিজে কোদাল দিয়ে মাটি কেটে এবং সেই মাটি শ্রমজীবী কৃষকের মাথায় তুলে দিয়ে খনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ এলাকায় জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধায় যুগান্তকারী ভূমিকা রাখবে। সরকারের এই অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম শেখ, ইউপি সদস্য মমরেজ ফকির, বিজয় বাড়ুই ও নিরাপদ। এছাড়াও স্থানীয় ব্যক্তিত্ব মো. শামীম হোসেন, আব্দুর রাজ্জাক শেখ এবং ডুমুরিয়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইজিপিপি কর্মসূচির আওতায় এই সংস্কার কাজ সম্পন্ন হলে অত্র অঞ্চলের দীর্ঘদিনের নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধ এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় কৃষি উৎপাদনে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা খনন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...