Logo Logo

রাজবাড়ীতে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Splash Image

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় একটি যাত্রীবাহী নছিমনে তল্লাশি চালিয়ে ২২০ বোতল ফেনসিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৯ মে) সকাল আটটার দিকে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী মহাসড়কের ওপর এই সফল অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. শাহিনুর মণ্ডল (২৫)। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগীর চর গ্রামের মৃত আরজেত মণ্ডলের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে র‍্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি নছিমনের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে নছিমনটি থেকে ২২০ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয় এবং চালকের আসনে থাকা শাহিনুর মণ্ডলকে আটক করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নছিমনটি জব্দ করে র‍্যাব হেফাজত নেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের বরাতে র‍্যাব জানায়, আটককৃত শাহিনুর মণ্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধ উপায়ে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে সুযোগ বুঝে সে এসব মাদক ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ জেলা ও পার্শ্ববর্তী এলাকার খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করত।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাবের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির শতভাগ বাস্তবায়ন ছাড়া সমাজে টেকসই শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‍্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের সুরক্ষায় মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...