Logo Logo

আগামীকাল বিশ্ব মেট্রোলজি দিবস, গোপালগঞ্জে আলোচনা সভাসহ বিএসটিআই’র নানামুখী উদ্যোগ


Splash Image

আগামীকাল ২০ মে (বুধবার) বিশ্ব মেট্রোলজি দিবস। ১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সে ঐতিহাসিক ‘মিটার কনভেনশন’ স্বাক্ষরিত হয়েছিল, যা বিশ্বব্যাপী পরিমাপ বিজ্ঞানের অগ্রগতি ও আন্তর্জাতিক সহযোগিতার দ্বার উন্মোচন করে। সেই স্মরণীয় দিনটিকে ধরে রাখতে প্রতিবছর ওজন ও পরিমাপ বিষয়ক দুটি আন্তর্জাতিক সংস্থা—ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজার্স (BIPM) এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অব লিগ্যাল মেট্রোলজি (BIML)-এর যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপিত হয়ে আসছে।


বিজ্ঞাপন


দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Metrology: Building Trust in Policy Making’, যার বাংলা ভাবার্থ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে মহামান্য শিল্পমন্ত্রী এবং শিল্প সচিব পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।

জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে তেজগাঁওয়ে অবস্থিত বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি দেশের সব বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোতে আলোচনা সভাসহ বিশেষ প্রচার-প্রচারণামূলক কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আঞ্চলিক কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও বিএসটিআই গোপালগঞ্জ জেলা কার্যালয়। আগামীকাল ২০ মে সকাল ১০:০০ ঘটিকায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে (স্বচ্ছতা) এক যৌথ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শোভন সরকার। সভায় স্বাগত বক্তব্য প্রদান করবেন বিএসটিআই’র উপ-পরিচালক (রসায়ন) ও অফিস প্রধান জনাব নাজমুন নাহার।

গুরুত্বপূর্ণ এই আলোচনা সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিল্প ও বণিক সমিতি (চেম্বার অব কমার্স), বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় শিল্প উদ্যোক্তা, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...