বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক নেতাদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে হাসপাতালটির সব ধরনের ‘পজিটিভ নিউজ’ বা ইতিবাচক সংবাদ অনির্দিষ্টকালের জন্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হাসপাতালের চিকিৎসাসেবার নামে অনিয়ম, অবহেলা ও দুর্নীতির মতো নেতিবাচক সংবাদগুলো গণমাধ্যমে যথারীতি প্রকাশ করা হবে। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বৈঠক সূত্রে জানা যায়, গত ১৫ মে রাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ তোলেন ভুক্তভোগী পরিবারের স্বজনেরা। এই সংবাদের সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের জন্য সেখানে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ ২৪’ (News 24)-এর জেলা প্রতিনিধি সামিউল আলিম এবং ‘ডিবিসি নিউজ’ (DBC News)-এর ক্যামেরা পারসন তমাল খান।
অভিযোগ রয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে হাসপাতালের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের ছাত্ররা হঠাৎ করেই সংবাদকর্মীদের ওপর চড়াও হন। তারা দুই সংবাদকর্মীকে একটি কক্ষে আটকে রেখে এলোপাতাড়ি মারধর ও চরম লাঞ্ছিত করেন। এ সময় সাংবাদিকদের সাথে থাকা পেশাগত ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়।
নৃশংস এই ঘটনার পর সাংবাদিক নেতারা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানের লক্ষ্যে হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ বা শান্তিপূর্ণ সমাধান দিতে না পারায় সংবাদকর্মীরা আজ ১৯ মে জরুরি সভা ডেকে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
দুপুরে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত হয়ে সাংবাদিকদের ওপর এই হামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে তীব্র নিন্দা জানান এবং দোষীদের অনতিবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাবেরুল ইসলাম, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, চ্যানেল আই-এর সাংবাদিক আসাদুজ্জামান বাবুল, রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক একরামুল কবির মুক্ত।
সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টিভির সাংবাদিক মোস্তফা জামান, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...