Logo Logo

বগুড়ার শেরপুরে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

ডেইরি শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং শিক্ষিত যুবসমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট। "দক্ষ তরুণ টেকসই ডেইরি" স্লোগানকে সামনে রেখে দক্ষিণবঙ্গের ৫টি জেলার ২৫ জন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে নিয়ে বগুড়ার শেরপুরে দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় শেরপুর উপজেলার সাধুবাড়ীতে অবস্থিত ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট (বিএটিআই) চত্বরে "টেকসই ডেইরি উন্নয়ন" শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। এতে ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা থেকে বাছাইকৃত ২৫ জন শিক্ষিত তরুণ ডেইরি উদ্যোক্তা সক্রিয়ভাবে অংশ নেন।

আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের বহু শিক্ষিত যুবক ডেইরি খামার স্থাপনে আগ্রহী হলেও মাঠপর্যায়ে সঠিক জ্ঞান, আধুনিক প্রযুক্তির অভাব এবং সঠিক ব্যবস্থাপনার গাইডলাইন না থাকায় অনেকেই শুরুতেই বড় অঙ্কের লোকসানের মুখে পড়ছেন। তরুণ খামারিদের এই চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপ দিতে এবং তাঁদের লোকসানের হাত থেকে বাঁচাতে ব্র্যাক ডেইরি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে ডেইরি শিল্পের সমসাময়িক নানা সমস্যা, খামার ব্যবস্থাপনার আধুনিক কৌশল এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারী তরুণদের যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করেছে ব্র্যাক ডেইরি। প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে ডেইরি খাত দেশের জাতীয় অর্থনীতিতে এক বিশাল ভূমিকা রাখবে। গ্রামীণ পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা এবং দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করে তোলাই এই মহতী উদ্যোগের মূল লক্ষ্য।

ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন ও অতিথি হিসেবে দেশের একঝাঁক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিশেষ সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এবং একই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ডেইরির মিল্ক কালেকশন ও প্রোডিউসার সার্ভিস বিভাগের সিনিয়র ম্যানেজার ডা. মো. মিজানুর রহমান, প্রোডিউসার সার্ভিস শাখার ম্যানেজার ডা. রিপন মিয়া, ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিন এবং ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রিন্সিপাল ড. মো. আহসান হাবিব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...