Logo Logo

তেঁতুলিয়ায় মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষককে গালিগালাজ, সমালোচনার মুখে প্রধান শিক্ষক


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক মানববন্ধন চলাকালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক কাবুলের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান স্কুল মার্কেটে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের বক্তব্য থেকে জানা যায়, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে—এমন অভিযোগ তুলে তদন্তসাপেক্ষে বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা শান্তিপূর্ণভাবে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামকে লক্ষ্য করে মারমুখী আচরণ করেন এবং ‘ওই শুয়োরের বাচ্চা’ বলে গালিগালাজ করেন প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক কাবুল।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের ভাষ্য, নজরুল ইসলাম একজন সৎ, ভদ্র ও সম্মানিত ব্যক্তি। তিনি বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁকে প্রকাশ্যে এ ধরনের অশালীন ভাষায় অপমান করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক কাবুল বলেন, বিদ্যালয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে—এর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল বলে তাকে জানানো হয়। তবে প্রথম বক্তার পর যারা বক্তব্য দেন, তারা বিদ্যালয়, সংশ্লিষ্ট দুই শিক্ষক এবং তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, যা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তবে মানববন্ধনে মারমুখী আচরণ ও গালিগালাজের অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিরুত্তর থাকেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম বলেন, মানববন্ধনটি কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে আয়োজন করা হয়নি। এটি ছিল একটি সাধারণ প্রতিবাদ কর্মসূচি। তিনি বলেন, “হয়তো মানববন্ধনের বক্তব্যে প্রধান শিক্ষক বা অন্য কারো স্বার্থে আঘাত লেগেছে, তাই তারা মারমুখী আচরণ করেছেন। তবে আমি ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে বিচলিত নই। জনগণই এর প্রতিবাদ করেছে।” তিনি আবু বক্কর সিদ্দীক কাবুলের গালিগালাজের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...