বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) সকালে বিভিন্ন জেলা প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে যমুনা সেতুর মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
গাজীপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার থেকেই জেলার অধিকাংশ শিল্পকারখানায় ঈদের ছুটি শুরু হওয়ায় সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দেয়। রাতভর ভোগান্তির পর বুধবার ভোর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। হাইওয়ে পুলিশের তথ্যমতে, গাজীপুরে কর্মরত প্রায় ৩০ লাখ মানুষ ইতোমধ্যে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, অতিবৃষ্টি, যাত্রীর তুলনায় যানবাহনের সংকট এবং সড়কের সীমিত সক্ষমতার কারণেই যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে গাজীপুর অংশে যানজট অনেকটাই কমেছে। চন্দ্রা এলাকা থেকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর পর্যন্ত কিছুটা ধীরগতি থাকলেও সেটিও দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে বুধবার সকালে টাঙ্গাইলের গোড়াই থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের জটলা ও কোথাও কোথাও গাড়ি বিকল হয়ে পড়ায় উত্তরাঞ্চলমুখী তিন লেনের সড়কে তীব্র চাপ তৈরি হয়। এতে দূরপাল্লার বাস, ট্রাক ও পিকআপে থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেককে বৃষ্টিতে ভিজে দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায়।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামছুল আলম সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশজুড়েই যানজট রয়েছে। বৃষ্টি এবং সড়কের জটিল পরিস্থিতির কারণে এই ভোগান্তি তৈরি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে সিরাজগঞ্জ অংশে যমুনা সেতু পার হওয়ার পর উত্তরাঞ্চলের পথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সেতুর পূর্ব টোল প্লাজা থেকে সেতুর মধ্যবর্তী অংশ পর্যন্ত কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, যমুনা সেতু পার হওয়ার পর আর কোনো যানজট নেই। তবে সেতুর ঢাকামুখী লেনে কিছুটা ধীরগতি রয়েছে। দুপুরের পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...