বিজ্ঞাপন
সোমবার (১ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা আমীর ফয়সাল বামনীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকার ইদ্রিস আলীর মেয়ে শাবানার বিয়ে উপলক্ষে সোমবার রাতে বাড়িতে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলার আয়োজন চলছিল। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) কয়েকজন বন্ধুকে নিয়ে অনুষ্ঠানে এসে নাচ-গানে অংশ নেন।
একপর্যায়ে ফয়সাল তাদের সেখান থেকে সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে মাসুম ঘটনাস্থল ত্যাগ করলেও কিছু সময় পর পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ফিরে এসে ফয়সাল ও তার স্বজনদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় ফয়সাল, তার চাচাতো ভাই রবিন হাসান (১৯), আব্দুল্লাহ আল ফাহিম (১৮) এবং চাচা সাদেকুল ইসলাম (৪৫) আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফয়সাল ও সাদেকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল মারা যান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম ও ছবি তোলাকে কেন্দ্র করে সংঘটিত হামলায় এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...