Logo Logo

কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের


Splash Image

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৩ জুন) ভোরের দিকে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানায়, মঙ্গলবার মাঝরাতে কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এবং কোনোটিই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কুয়েতের অভ্যন্তরে কোনো স্থাপনায় আঘাত লাগেনি এবং মাঝরাতে যে বিকট শব্দ শোনা গিয়েছিল, সেটি মূলত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের আওয়াজ।

তবে কুয়েত প্রতিরক্ষা বাহিনীর এই দাবিকে ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করেছে ইরানের আধা-সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা দাবি করেছে, কুয়েতের মার্কিন ঘাঁটিতে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে এবং এর পক্ষে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

এর আগে গত ১ জুন সোমবারও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। সে সময় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বার্তায় জানায়, ইরান থেকে নিক্ষিপ্ত দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

কুয়েতের পাশাপাশি প্রায় একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বাহরাইনের সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবার মাঝরাতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানি দ্বীপ কেশমের আশপাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানায় ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ শুরু করে আইআরজিসি।

সূত্র : সিএনএন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...