Logo Logo

কর্ণফুলীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশুকে জীবিত উদ্ধার


Splash Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পুকুরে ডুবে মোহাম্মদ বিন মনির নামের ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে ফকির ও মাওলানা আশরাফ আলীর বাড়ি সংলগ্ন কাললো বড়ো পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ওই এলাকার প্রবাসী মো. মনিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে দুপুরে ওই পুকুরে গোসল করতে নামে। সে সাঁতার জানত বলে স্থানীয়রা জানালেও ঠিক কী কারণে পানির নিচে তলিয়ে যায়, তা নিশ্চিতভাবে জানা যায়নি। একই সময়ে মাহারা নামের অপর এক শিশুও পুকুরে পড়ে যায়।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুই শিশুকেই পুকুর থেকে উদ্ধার করেন। এ সময় মাহারা নামের মেয়ে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও মোহাম্মদের অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত প্রথমে সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। এলাকায়ও বিরাজ করছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানান, বসতবাড়ির চারপাশের পুকুরগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক নজরদারি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...