বিজ্ঞাপন
উত্তরখানের ঘটনায় দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য। তারা হলেন— আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে তারা গুরুতর দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান আহতদের শারীরিক অবস্থা নিশ্চিত করে জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ দম্পতির অপর সন্তান রাতুল হাসান তুষার জানান, চিকিৎসকেরা তার বাবা ও মায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন।
এদিকে, শনিবার ভোররাতে মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে অপর একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালালে ঘরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে। এতে তিন যুবক দগ্ধ হন। দগ্ধরা হলেন— মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।
এই ঘটনার বিষয়ে ডা. শাওন বিন রহমান জানান, ভোরে পাইকপাড়া এলাকায় লাইনের গ্যাস লিকেজ থাকা অবস্থায় সিগারেট খাওয়ার জন্য আগুন জ্বালালে তিন যুবক দগ্ধ হন। তাদের মধ্যে মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসাধীন এই তিন যুবককেও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...