বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ দাবি তুলে ধরেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর গত বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ওই নোটিশের জবাব আগামীকাল (রোববার) বিকেল ৫টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তবে নোটিশে উল্লেখ করা হয়েছে, জবাব সন্তোষজনক না হলে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না—তার ব্যাখ্যা দিতে হবে। শিশির মনিরের দাবি, এ ধরনের শর্ত আরোপ সম্পূর্ণ বেআইনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের সারসংক্ষেপের বিষয়ে তিনি বলেন, শিশুদের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেনের স্বল্পতা এবং কার্বন ডাই-অক্সাইড গ্যাসের মাত্রা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। তবে প্রতিবেদনে ওয়ার্ডে অক্সিজেনের প্রকৃত মাত্রা কত ছিল কিংবা কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত ছিল, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এছাড়া কতটুকু অক্সিজেনের ঘাটতি হলে নবজাতকের মৃত্যু ঘটতে পারে, সে বিষয়েও প্রতিবেদনে স্পষ্ট ব্যাখ্যার অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান বলেন, “আমরা চাই প্রকৃত দোষীদেরই শাস্তি হোক। কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা আমরা চাই না। এর আগে আমার আরও দুই সন্তানের জন্ম এই হাসপাতালেই হয়েছে এবং তারা সুস্থ ছিল।”
সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, চাকরির সুযোগ এবং ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়।
উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে এবং পরে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...