Logo Logo

পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


সোমবার (৮ জুন) সকালে শিক্ষার্থীরা ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তারা দ্বিতীয় দফায় টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। এতে উপজেলার বিভিন্ন সড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী যানজট দেখা দেয়। দূরপাল্লার যানবাহনসহ অসংখ্য যাত্রী ও পথচারী চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সময় আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে তারা দাবি করেন। এ কারণে তারা ওই কেন্দ্রে পরীক্ষা দিতে অনাগ্রহ প্রকাশ করে পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আইয়ুব আলী এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদ মাহমুদ। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, “আগামী মাসেই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। তাই এ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করা কিছুটা জটিল। তবে শিক্ষার্থীরা যে আশঙ্কার কথা জানিয়েছে, সেসব বিষয়ে প্রশাসন সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”

টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আইয়ুব আলী বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...