Logo Logo

৬ দফা বাস্তবায়নে আল্টিমেটাম, দাবি না মানলে সুনামগঞ্জ মেডিকেল কলেজে ‘কমপ্লিট শাটডাউন’


Splash Image

বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, চিকিৎসা শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূরীকরণ এবং স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নের দাবিতে সারা দেশের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি থেকে ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী ৯ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে অবস্থিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘদিনের নানা বৈষম্য ও সমস্যার চিত্র তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ ও তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র ও ফারজানা আহমেদ মিম, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাসসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের চিকিৎসক সমাজ ও চিকিৎসা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। এর ফলে চিকিৎসা পেশার প্রতি অনীহা তৈরি হওয়ার পাশাপাশি স্বাস্থ্যখাতের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়ছে। তারা আরও বলেন, চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হবে।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গত ১৯ মে ২০২৬ তারিখে জারিকৃত এফসিপিএস (FCPS) ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত (স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন ও ন্যায্য নির্দেশনা জারি করতে হবে।

এছাড়া বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হামলা ও নির্যাতনের বিচার নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার টাকা নির্ধারণ এবং বেসরকারি খাতে কর্মরত চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবিও জানান তারা।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদের দাবি কোনো ব্যক্তিগত সুবিধার জন্য নয়; বরং দেশের স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসা শিক্ষার উন্নয়নের স্বার্থে। সরকার যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ না নেয়, তাহলে আন্দোলন আরও কঠোর হবে।”

শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামী ৯ জুন থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১১টার পর সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যখাতের স্বার্থে তাদের আন্দোলন চলমান থাকবে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকার প্রস্তুতি নিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...