Logo Logo

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন


Splash Image

ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই ঘটনায় উদ্ধারকাজে নিয়োজিত রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।

পরে সকাল ১০টার দিকে লাইনচ্যুত পাওয়ার কারটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৌঁছানোর পর রিলিফ ট্রেনের একটি বগির চাকাও লাইনচ্যুত হয়। ফলে উদ্ধার অভিযান সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দের সঙ্গে এর পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করতে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। বর্তমানে উদ্ধারকারী ট্রেনের বগি পুনরায় লাইনে তোলার কাজ চলছে। রিলিফ ট্রেনটি উদ্ধার করা সম্ভব হলে এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের কার্যক্রম শুরু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন করে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...