Logo Logo

২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


Splash Image

নোয়াখালীর হাতিয়ায় বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী শিশু তামিমের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্ট গার্ড।


বিজ্ঞাপন


বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে।

নিহত তামিম পশ্চিম চরচেঙ্গা গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাছ ধরতে মেঘনা নদীতে যান শাহাদাত হোসেন। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করছিল।

খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তামিম নদীতে পড়ে যায়। ঘটনাটি দেখে সঙ্গে থাকা চাচাতো ভাই দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

এরপর বুধবার সকাল থেকে ভোলা থেকে আসা ডুবুরি দল মেঘনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল পৌনে ৬টার দিকে তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে কোস্ট গার্ড তামিমের মরদেহ উদ্ধার করে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের নিজস্ব কোনো ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে বুধবার বিকেলে কোস্ট গার্ড শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিশু তামিমের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...