Logo Logo

টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে ঝামেলার জেরে ১০ম শ্রেণীর ছাত্রকে হাতুড়িপেটা


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূর্বের খেলাধুলা সংক্রান্ত বিরোধের জেরে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কাজিরপোল ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত আরাফাত ইসলাম নয়ন উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্তরা হলেন— উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়ার এনায়েত মুন্সীর ছেলে রোমান মুন্সী, পাঁচকাহনিয়া গ্রামের চান মিয়ার ছেলে ওসমান, পাঁচকাহনিয়া পশ্চিমপাড়ার মোকসেদের ছেলে কাদের এবং বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিম, শাওন ও রাকিব।

আহত শিক্ষার্থীর বাবা খালিদ শেখ জানান, কয়েক মাস আগে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটলেও পরবর্তীতে উভয় পক্ষের অভিভাবক ও শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। তবে সেই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তার ছেলে আরাফাত ইসলাম নয়নকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ সময় হামলাকারীরা নয়নের কাছে থাকা একটি মোবাইল ফোনও নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার বাবা।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মারপিটের ঘটনায় খালিদ শেখ নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...