Logo Logo

রাজাপুরে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি


Splash Image

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


বুধবার (১৭ জুন) দুপুরে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আলি হায়দার নাফিসের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম মুনসহ ছাত্রদলের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ সমাজকে সম্পৃক্ত করতেই শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আলি হায়দার নাফিস বলেন, “এই দূরদর্শী কর্মসূচিকে মাঠপর্যায়ে সফল করতে এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে আমরা ব্যক্তিগত উদ্যোগে একটি বিশেষ কার্যক্রম শুরু করেছি। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়ন ও নিজস্ব ব্যবস্থাপনায় গত চার দিন ধরে সফলভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে রাজাপুর উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রাথমিকভাবে রাজাপুর-কাঁঠালিয়া সংসদীয় আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা।”

স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...