Logo Logo

দুর্গাপুরে বড় ভাইয়ের বাড়ির বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার


Splash Image

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বড় ভাইয়ের বসতঘরের বারান্দা থেকে আবুল কালাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আবুল কালাম মউ গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর বড় ভাই আব্দুল ছালামের সঙ্গে বিরোধ চলছিল।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশেই বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দার ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আবুল কালামের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও পারিবারিক কলহ চলছিল। ফলে এই মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন এলাকাবাসী জানান, জমির মালিকানা ও ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। তাই মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন অনেকেই। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ নেত্রকোণা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফল পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় মউ গ্রামে শোকের পাশাপাশি কৌতূহল ও উদ্বেগ বিরাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...