বিজ্ঞাপন
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৯ জুন) রাত ১১টা ৫০ মিনিটের দিকে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন সংলগ্ন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
তল্লাশি চলাকালীন একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালায় র্যাব। এ সময় গাড়িটি থেকে ৩৫০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এই মাদক চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা।
এই ঘটনায় জড়িত থাকার অপরাধে চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার মো. ছোট বাবু (৫১) এবং দামুড়হুদা উপজেলার মো. বাবু (৩১) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি নিজেদের হেফাজতে নেয় আভিযানিক দল।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে সুযোগ বুঝে তারা ফরিদপুরের নগরকান্দাসহ দেশের বিভিন্ন প্রান্তে এসব মাদকের চালান সরবরাহ করত।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ এবং যুব সমাজকে ধ্বংসের অন্যতম হাতিয়ার। তরুণ প্রজন্ম ও সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে র্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে।” মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের এমন কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...