Logo Logo

বাংলাদেশের বড় বড় বিশ্লেষক ও অর্থনীতিবিদ বাজেট নিয়ে সমালোচনা করতে পারেনি : এসএম জিলানী


Splash Image

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট নিয়ে বাংলাদেশের বড় বড় বিশ্লেষক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা সমালোচনা করতে পারেন নাই। কারণ সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই বাজেট ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য, হার্টের রিং সহ বিভিন্ন জিনিসের দাম কমানো হয়েছে শুধুমাত্র সাধারণ মানুষের কল্যাণের জন্য।


বিজ্ঞাপন


এই জনকল্যাণমুখী ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার (১৯ জুন) বিকালে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, বিএনপির সরকার জনবান্ধব সরকার। জনগণের কল্যাণের কথা ভেবেই এই জনবান্ধব বাজেটটি ঘোষণা করা হয়েছে। আমাদের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের ইতিহাসে এই সর্ববৃহৎ বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরও বলেন, প্রধানমন্ত্রী বগুড়া জেলাকে যেভাবে দেখেন, টুঙ্গিপাড়াকেও সেভাবে দেখবেন বলে আগে কথা দিয়েছিলেন এবং ইতিমধ্যে তিনি তাঁর সেই কথা রেখেছেন। বিগত চার মাসে দেশের অন্য ৬৩ জেলায় তেমন কোনো উন্নয়ন বরাদ্দ দেওয়া না হলেও প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় ১০০ কোটি টাকার বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দের টাকা ইতিমধ্যে দুটি উপজেলায় ভাগ করে দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ-৩ আসনের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা শুধু দোয়া করবেন আমি যেন এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে বিলিয়ে দিতে পারি। উন্নয়ন বরাদ্দের একটি টাকাও যেন অপচয় বা তছরুপ না হয়। শতভাগ সততার মধ্যে থেকে এলাকার মানুষের জন্য কাজ করতে পারি, আপনারা সেই দোয়া করবেন।”

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাসির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা।

এ ছাড়া সমাবেশে পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার এবং যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...