Logo Logo

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, ধাওয়া খেলে পালাল বিএসএফ


Splash Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ স্থানীয়দের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।র


বিজ্ঞাপন


শনিবার (২০ জুন) ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের ১৭৭/২এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে চৌকা সীমান্ত দিয়ে চার শিশু, ১১ নারী ও পাঁচ পুরুষসহ মোট ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রতিরোধ করে।

চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলী জানান, পুশইনের চেষ্টা সম্পর্কে জানতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দেন।

তিনি বলেন, সকাল ৯টার দিকে ২০ থেকে ২৫ জন বিএসএফ সদস্য আবারও ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালালে উভয় বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা সরে যেতে বাধ্য হয়।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে। আমরা সীমান্তে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...