Logo Logo

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে ‘গুড ড্যাডি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত


Splash Image

কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং দায়িত্বশীল পিতৃত্বের চর্চা জোরদারের লক্ষ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’।


বিজ্ঞাপন


গুড নেইবারস বাংলাদেশ-নীলফামারী সিডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, কিশোরী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গুড নেইবারস বাংলাদেশ, নীলফামারী সিডিপির ম্যানেজার বিভব দেওয়ান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “একটি কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ গড়তে পরিবার, বিশেষ করে বাবাদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা এবং পারিবারিক দায়বদ্ধতা বাড়াতে হবে।”

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘বাবার চিঠি মেয়ের জন্য’ শীর্ষক হৃদয়স্পর্শী আয়োজন। এতে অংশগ্রহণকারী বাবারা তাঁদের কন্যাসন্তানদের প্রতি স্বপ্ন, ভালোবাসা ও প্রত্যাশার কথা আবেগঘন ভাষায় তুলে ধরেন।

পরে উপস্থিত সকল বাবা তাঁদের কন্যাসন্তানদের সুরক্ষা, শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে সম্মিলিত শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজ সরকার বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। কন্যাশিশুর শিক্ষা ও অধিকার নিশ্চিত করাই এ সমস্যা মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।”

সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় তিনজন বাবাকে ‘গুড ড্যাডি’ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে কন্যাশিশুর ক্ষমতায়ন ও শিশু অধিকার বিষয়ে আবৃত্তি, গান এবং নাটক পরিবেশনের মাধ্যমে সচেতনতামূলক সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, পরিবার ও সমাজে দায়িত্বশীল পিতৃত্বের চর্চা বৃদ্ধি এবং কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...