Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ায় শাস্ত্রীয় সংগীতের মহাসাধক সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’-এর ভূমি রক্ষার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির আয়োজনে এই কর্মসূচি থেকে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির জমি রক্ষায় শেষ পর্যন্ত আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

আজ সোমবার (২৯ জুন) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটির আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন ও সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি জয়দুল হোসেন এবং আরিফ বিল্লাহ আজীজীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় সংস্কৃতিকর্মী, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল জাল দলিলের আশ্রয় নিয়ে সঙ্গীতাঙ্গনের মূল্যবান জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। তাঁরা বলেন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠানটি কেবল ব্রাহ্মণবাড়িয়ার নয়, বরং পুরো দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য অংশ। এই জাতীয় সম্পদ ও এর ভূমি রক্ষায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...