Logo Logo

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫


Splash Image

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সেবা গ্রীন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুরে সোনাসুর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি দ্রুত গতিতে রাস্তার পাশে গভীর খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনা কবলিত বাসের ভেতরে থাকা যাত্রীদের চিৎকার ও আকুতি শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) নৃপেন চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় জনতার সক্রিয় সহায়তায় বাস থেকে নারী ও শিশুসহ আহত অন্তত ২৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ২০ জনের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহত যাত্রীরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...