বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন 'চৌধুরী অটো' নামক গ্যারেজে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌধুরী অটোর মালিক নিপুনের মোটরবাইক গ্যারেজে দীর্ঘদিন ধরে নাহিদ, শফিক ও মুন্না নামের তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নানা অনৈতিক সুবিধা দাবি করে আসছিলেন। তারা বিভিন্ন সময়ে চাঁদা দাবি, টাকা না দিয়ে বাইক সার্ভিসিং করা এবং বাকিতে তেল বিক্রির জন্য গ্যারেজ মালিককে চাপ সৃষ্টি করেন। নিপুন এসব অন্যায় দাবির প্রতিবাদ করায় উক্ত তিন শিক্ষার্থীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এরই জেরে গতকাল সোমবার দুপুরে নাহিদ, শফিক ও মুন্নার নেতৃত্বে একদল শিক্ষার্থী সংঘবদ্ধ হয়ে গ্যারেজে চড়াও হয়। তারা সেখানে একটি কৃত্রিম উত্তেজনা বা 'মব' সৃষ্টি করে নিপুন ও তার বড় ভাই নোমানের ওপর অতর্কিত হামলা চালায়। উন্মত্ত শিক্ষার্থীরা দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার পাশাপাশি পুরো গ্যারেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশ প্রশাসনের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু হামলাকারী শিক্ষার্থীরা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিকে তোয়াক্কা না করেই প্রকাশ্য দিবালোকে এই তাণ্ডব চালায়। ঘটনার সময় উপস্থিত কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও আহত অবস্থায় নিপুন এবং তার ভাই নোমানকে উদ্ধার করেন। পরে বিশ্ববিদ্যালয়েরই একটি অ্যাম্বুলেন্সযোগে তাদের দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত গ্যারেজ মালিক আল হোসাইন চৌধুরী নিপুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে নাহিদ, শফিক ও মুন্না দীর্ঘদিন ধরে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে চাঁদা, ফ্রি সার্ভিসিং ও তেল দাবি করে আসছিল। আমি তাদের এসব অনৈতিক সুবিধা দিতে অস্বীকার করায় তারা পরিকল্পিতভাবে এই মব হামলা চালায়।
তিনি আরও বলেন, ঘটনার সময় যখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং স্থানীয় প্রশাসন আমার সাথে কথা বলছিল, ঠিক তখনই তাদের উপস্থিতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমার দোকান, আমার বড় ভাই ও কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর তারা উল্লাস প্রকাশ করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
হামলার শিকার নিপুন প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...