Logo Logo

কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল


Splash Image

সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে চাঁদা দাবি, হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও আলোচনা ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তারাশী গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মাসুম বিল্লাহ, হাদিউজ্জামান নিলু, মো. হানিফ শেখ, আনোয়ার দাড়িয়া ও হালিম শেখের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মনিরুজ্জামান জুয়েল বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ‘জ্ঞানের আলো পাঠাগার’ নামে একটি সংগঠন গড়ে তুলে অসহায় মানুষের সেবার নামে লক্ষাধিক টাকা সংগ্রহ করেন। তারা অভিযোগ করেন, সে সময় সরকারি দলের প্রভাব ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে নিজের প্রভাব বিস্তার করেন এবং নানা কৌশলে অসহায় মানুষের নামে সরকারি দপ্তর ও সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

তাদের আরও দাবি, দেবোত্তর সম্পত্তি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবাহিনীতে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতির অবনতি দেখে ঊর্ধ্বতন নেতাদের মাধ্যমে তিনি স্বেচ্ছায় বিমানবাহিনী থেকে অবসর গ্রহণ করেন এবং সাংবাদিকতায় যুক্ত হওয়ার পর এলাকায় নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের ১২ এপ্রিল সৌরভ ট্রেডার্স এবং একই বছরের ৮ জানুয়ারি মজুমদার কোটালীপাড়া লিমিটেডের পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এছাড়া ঘাঘর-কান্দার সহকারী প্রধান শিক্ষিকা তপতী বাড়ৈ তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে গত ৬ জানুয়ারি গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

এদিকে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তোলেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দাখিল করেন।

এছাড়া ‘জ্ঞানের আলো পাঠাগার’-এর কার্যক্রমে সরকারি অর্থের অনিয়ম ও আত্মসাতের অভিযোগ এনে গত ৯ মার্চ এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে দৈনিক আমার দেশ-এর কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েল বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলো আইনি প্রক্রিয়ায় তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, “তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...