Logo Logo

নীলফামারীতে জি আর মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের কারাদণ্ড


Splash Image

দীর্ঘ প্রায় এক দশকের দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের রায়ে ন্যায়বিচার মেলায় স্বস্তি প্রকাশ করেছেন নীলফামারী জেলার ডিমলা থানার জি.আর. মামলা নং-২১/১৬-এর বাদী সিরাজুল ইসলাম সিরাজ। তিনি হাইকোর্টের ক্লার্ক এবং বিএনএফ পার্টির সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী। বহুল আলোচিত এ মামলায় একজন ইউপি সদস্যসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ জুলাই) নীলফামারীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাদিয়া জাহান মৌ (আদালত-২) এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে ডিমলা উপজেলার ৫ নম্বর গয়াবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এন্তাজুল ইসলাম (এন্তা)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই মামলায় ফুটানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ফরহাদ এবং স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম উভয়কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলার নথিতে আব্দুল মজিদ ও মমিনুর নামের আরও দুই ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ রয়েছে। সেইসাথে দণ্ডপ্রাপ্তদের আপিল করার সুযোগ রেখে শর্তসাপেক্ষে ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন বিজ্ঞ আদালত।

আদালতের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামলার বাদী সিরাজুল ইসলাম সিরাজ বলেন, "দীর্ঘদিন ধরে আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে আমি বিচারপ্রক্রিয়ায় অংশ নিয়েছি। নানা প্রতিকূলতা ও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আদালতের রায়ে সত্যের জয় হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করায় আমি আদালতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।"

দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও তাঁর পরিবারের সদস্যরা। স্থানীয় সচেতন মহলের মতে, আদালতের এই রায় আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে এবং অপরাধের বিরুদ্ধে আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রে সমাজে একটি ইতিবাচক বার্তা বহন করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...