Logo Logo

রাজাপুরে সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল


Splash Image

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজীব ও তার ভাইদের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।


বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে লেবুবুনিয়া বাজার সংলগ্ন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষুব্ধ এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করেন।

সাতুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেমায়েত উদ্দীন, তাঁর ছেলে সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীবসহ পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য দেন সামীম আকন, মোসা: ছবি আক্তার, সানজিদা, নাছরিন ও হান্নান আকন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করে বলেন, মো. হেমায়েত উদ্দীন ও তাঁর তিন ছেলে—সজীব, বাবুল ও আলম এবং স্থানীয় ছাত্রলীগ কর্মী কাইফ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জমি দখলবাজির সঙ্গে জড়িত রয়েছেন।

বক্তাদের দাবি, কয়েকদিন আগে লেবুবুনিয়া বাজারে ডাবের ব্যবসা পরিচালনার জন্য ছাত্রদল সভাপতি সজীব দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে ভুক্তভোগীরা ৬০ হাজার টাকা প্রদান করলেও বাকি এক লাখ ৪০ হাজার টাকার জন্য তাদের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চলে আসা এসব অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করার কারণে ইতোমধ্যে কয়েকজনকে তাদের মারধরের শিকার হতে হয়েছে। ভুক্তভোগীরা এই সব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

স্থানীয় সূত্রের ভাষ্যমতে, লেবুবুনিয়া বাজারে ছাত্রদল সভাপতি সজীবের বড় ভাই আলম এবং স্থানীয় ব্যবসায়ী শামিম আকন উভয়েই ডাব ব্যবসার সঙ্গে জড়িত। বাজারে ব্যবসার একক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গত ৬ জুলাই আলম ব্যবসায়ী শামিম আকনের কেনা ডাব জোরপূর্বক ছিনিয়ে নেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই ডাব ফিরিয়ে আনতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

তবে তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব। তিনি দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় একটি পক্ষ তাঁর ওপর হামলা চালিয়েছে। তাঁর বিরুদ্ধে আনীত চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, এ ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত থাবায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...