Logo Logo

ঝালকাঠিতে বিকাশ কর্মীর ওপর হামলা, পাঁচ লাখ টাকা ছিনতাই


Splash Image

ভুক্তভোগী বিকাশ কর্মী আশরাফুল।

ঝালকাঠির সদর উপজেলায় এক বিকাশ কর্মীর ওপর হামলা চালিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


বুধবার (৮ জুলাই) দুপুরে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিএন্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আশরাফুল ঝালকাঠি শহরের জাবেদ টেলিকমের বিকাশ এজেন্ট থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার একটি এজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। পথে সিএন্ডবি বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী চক্র তার গতিরোধ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা আশরাফুলের চোখ-মুখে গুঁড়া জাতীয় মাদকদ্রব্য ছিটিয়ে তাকে অসহায় করে ফেলে। এরপর তার কাছে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলেও ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়ে জাবেদ টেলিকমের মালিক এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

জাবেদ টেলিকমের ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, “আমাদের কর্মী এজেন্ট পয়েন্টে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় হামলার শিকার হন। হামলাকারীরা পাঁচ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। আমরা দ্রুত জড়িতদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়ে ঝালকাঠি সদর থানায় অভিযোগ করেছি।”

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত এগিয়ে চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...