Logo Logo

ডোমারে সড়ক দুর্ঘটনায় মা-দুই সন্তানসহ নিহত ৪


Splash Image

নীলফামারীর ডোমার উপজেলায় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের এক মা ও তার দুই শিশু সন্তান রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত মিথিলা ভ্যান ডোমার থেকে জলঢাকার দিকে যাচ্ছিল। পথে পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন— নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও মিথিলা ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তাদের দুই শিশু সন্তান পিতোসা (৮) ও যাদব (৪)।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা, ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহত দুইজনকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থল ও হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...