বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে তারা অযৌক্তিক বলে দাবি করেন।
তাদের অভিযোগ, চলতি এইচএসসি পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ ও তুলনামূলক কঠিন বিষয়গুলোর পরীক্ষার মাঝে পর্যাপ্ত বিরতি রাখা হয়নি, যা পরীক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করেছে।
শিক্ষার্থীরা আরও বলেন, দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হলেও একটি বোর্ডের পরীক্ষা স্থগিত রেখে অন্য বোর্ডগুলোর পরীক্ষা নেওয়া হয়েছে, যা তাদের মতে বৈষম্যমূলক সিদ্ধান্ত। একই ধরনের পরিস্থিতিতে সব বোর্ডের জন্য সমান নীতি অনুসরণ করা উচিত ছিল বলে তারা দাবি করেন।
বিক্ষোভকারীরা শিক্ষা ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা ও পরীক্ষা আয়োজনে বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষা ও শিক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
অবরোধের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...