বিজ্ঞাপন
আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে বিশাল মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন দাবি ও স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন এবং তিন দফা দাবির পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে সবাই একত্রিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। এ সময় মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
লংমার্চে অংশ নেওয়া সাব্বির আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে এসেছি। আমাদের তিন দফা দাবি এখনো পূরণ করা হয়নি। তাই শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে আমরা সরাসরি আমাদের দাবি জানাব।"
নূরনন্নবী নামের আরেক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, "দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে, যার কারণে অনেক শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছে। আমাদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। আমরা চাই সরকার যেন দ্রুত এগুলো বাস্তবায়ন করে।"
মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তাঁদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত অসংখ্য প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে চলাচল শুরু করে। এর আগে দীর্ঘ সময় অবরোধ থাকার কারণে ওই সমস্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল, যা সাধারণ যাত্রীদের বেশ ভোগান্তিতে ফেলে।
আন্দোলনরত শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে— দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা; বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...