বিজ্ঞাপন
একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্ন প্রণয়নের ঘটনায় দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রশ্নপত্রের ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তও জানিয়েছে সরকার।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এসব তথ্য তুলে ধরেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী জানান, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তবে সাম্প্রতিক ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলার কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড নয়, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়ও বৈরী আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে বিচ্ছিন্নভাবে অনেক পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে পারেননি।
অনুপস্থিত পরীক্ষার্থীদের বিষয়ে সরকারের বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাই মানবিক ও বিশেষ বিবেচনায় যারা প্রতিকূল আবহাওয়া বা সংশ্লিষ্ট অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া একই বিষয়ের পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে এই বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ভুল প্রশ্ন প্রণয়নের জন্য দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে তিনি জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ছয় নম্বর ও সাত নম্বর প্রশ্নে যে ত্রুটি ছিল, তার কারণে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সংশ্লিষ্ট প্রশ্নের ক্ষেত্রে সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর প্রদান করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা, ন্যায়সংগত মূল্যায়ন এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...