Logo Logo

নীলফামারীতে তথ্য অধিকার আইনের ভূমিকা শীর্ষক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইনের ভূমিকা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২০ জুলাই) দুপুরে নীলফামারী সদরের সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে 'বিতর্ক প্রতিযোগিতা ২০২৬' আয়োজিত হয়।

সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষিকা মঞ্জুয়ারা খাতুনের সভাপতিত্বে ও স্পিকার হিসেবে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আলতাফ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিইব (RIEB)-এর সহ-সমন্বয়কারী কাজী মো. শাহিনুল ইসলাম, চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি ও রিইব-এর জেলা সভাপতি আনোয়ারুল আলম, ছমিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবিএম ওয়াহেদুজ্জামান রিপন, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শাহাজাহান সিরাজ, রিইব-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান ও ফিল্ড অফিসার নজরুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বিতর্ক প্রতিযোগিতায় সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসা ও বাবরীঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকটি ধাপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় যুক্তি-তর্কের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিজয়ী হয় বাবরীঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় দল। পুরো প্রতিযোগিতায় চমৎকার নৈপুণ্য দেখিয়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বাবরীঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া জাহান শাহাজাদী।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে এবং অনেক অজানা বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা সম্ভব হয়। তাই পাঠ্যপুস্তকীয় পড়াশোনার পাশাপাশি এ ধরনের সহপাঠ কার্যক্রম ও প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। বক্তারা আরও জোর দিয়ে বলেন, তথ্য অধিকার আইনের সঠিক ব্যবহারের মাধ্যমেই সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে বিজয়ী দল, বিজিত দল এবং অংশগ্রহণকারী সকল বিতার্কিকের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...