Logo Logo

গোপালগঞ্জে ‘বর্ষায় নজরুল’ আয়োজন, নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’।


বিজ্ঞাপন


বর্ষার আবহে কবির গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে তাঁর সাহিত্য-সংস্কৃতি এবং চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস ছিল এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

সোমবার (২০ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক ফারিহা তানজিন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির। এ সময় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিপ্রেমী মানুষ, সুধীজন ও বিপুলসংখ্যক দর্শকের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে গোপালগঞ্জের জাতীয় পর্যায়ে স্বাক্ষর রাখা নতুন প্রজন্মের শিল্পীরা নজরুলের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। শিশু, কিশোর ও তরুণ শিল্পীদের পরিবেশনায় নজরুলের গজল, শ্যামাসংগীত, প্রেমের গান, রণসংগীত ও প্রকৃতিনির্ভর বিভিন্ন সৃষ্টি উপস্থাপিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে। তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘সংস্কৃতিচর্চার বিকাশে এ ধরনের সুপরিকল্পিত আয়োজন অব্যাহত রাখতে জেলা প্রশাসন ও জেলা পরিষদ সব সময় সহযোগিতা করবে।”

গোপালগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, সরকারের উদ্যোগে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হচ্ছে, যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, নজরুলের সৃষ্টির বৈচিত্র্য ও গভীরতা অনন্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে নজরুলচর্চা, মানবিক মূল্যবোধ এবং নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমিগুলোর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...