Logo Logo

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি


Splash Image

ভারতে বিতর্কিত নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অটল অবস্থানে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফায় বসার আগেই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্ল্যাটফর্মটি স্পষ্ট করেছে যে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তাদের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়।


বিজ্ঞাপন


শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, কেন্দ্রীয় সরকার যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদচ্যুত না করে, তবে বৈঠকের কোনো যৌক্তিকতা থাকে না। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা কোনো ছাড় দেবেন না এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত এলে আলোচনা অর্থহীন হয়ে পড়বে।

এর আগে শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে সিজেপি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শেষ করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। শনিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সিজেপি নিজেদের পূর্বঘোষিত তিনটি দাবিতে এখনো অবিচল রয়েছে।

সংগঠনটির তিনটি প্রধান দাবি হলো—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবারের আলোচনায় কেন্দ্র বিক্ষোভকারীদের দুটি বড় দাবি নীতিগতভাবে মেনে নিতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা বা আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বৈঠক শেষে জেপি নাড্ডা জানিয়েছিলেন, প্রায় দুই ঘণ্টার আলোচনায় তিনটি প্রধান দাবি ও পরীক্ষা-সংক্রান্ত পাঁচটি সংস্কার প্রস্তাব নিয়ে পর্যালোচিত হয়েছে। সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ফলাফল সম্পর্কে অবহিত করতে শনিবার বিকেলে পুনরায় তাদের সঙ্গে বসার কথা রয়েছে।

এদিকে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কেন্দ্র ইতিমধ্যেই বেশ কিছু জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব মামলার নিষ্পত্তিতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসবিরোধী আইনে অধিক শাস্তিমূল ও জরিমানার বিধান রেখে সংশোধনী আনারও পরিকল্পনা করা হচ্ছে।

ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকার শিক্ষা সচিবকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে এবং নিট পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএ (NTA)-এর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে পূর্ণাঙ্গ প্রশাসনিক ও পরীক্ষা সংক্রান্ত সংস্কারের আশ্বাস দিয়েছে সরকার।

তবে এনটিএ কর্মকর্তাদের বরখাস্তের সিদ্ধান্ত যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি বলেন, অনেক খুঁটিনাটি বিষয় পর্যালোচনার দাবি রাখে। পুরো সংকটের চূড়ান্ত দায়ভার শিক্ষামন্ত্রীর ওপরই বর্তায়, কারণ প্রশ্নপত্র ফাঁস এবং তার পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আত্মহত্যার জন্য তিনি প্রত্যক্ষভাবে দায়ী। ফলে তার পদত্যাগ নিশ্চিত করতেই হবে।

সূত্র: এনডিটিভি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...