Logo Logo

সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও সম্মানজনক বেতন কাঠামোর দাবি

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Splash Image

মো.রেজাউল ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মতবিনিময় ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৭ জুলাই) দুপুর ১টায় বীরগঞ্জ অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক মাহাবুবুর রহমান আঙ্গুর।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সময়ের দাবি।

বক্তব্য দেন যুবদলের সদস্য সচিব ও ১১ নম্বর মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভির রহমান। তিনি বলেন, সাংবাদিকরা যাতে নির্ভয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন, সে জন্য তাদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

এরপর বক্তব্য দেন বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সমাজের কল্যাণে কাজ করতে হবে।

দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক এদিন পত্রিকার রিপোর্টার তাঁর বক্তব্যে সাংবাদিকদের অধিকার আদায়ের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন-ভাতা, সম্মানজনক মাসিক সম্মানী এবং কল্যাণমূলক সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী, বীরগঞ্জ উপজেলা কালের কণ্ঠ প্রতিনিধি মো. সোহেল, বীরগঞ্জ পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. আরিফ মাসুম পল্লবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের জন্য পৃথক বেতন কাঠামো, মাসিক সম্মানী, সামাজিক নিরাপত্তা এবং পেশাগত সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এসব দাবি জাতীয় সংসদে উত্থাপন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় সংসদ সদস্যের প্রতিও অনুরোধ জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন, জবাবদিহিতা ও দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিতদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...