Logo Logo

সরাইলে ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সরাইল জনপদের ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য, সমাজ গঠন ও বরেন্য ব্যক্তিত্বদের অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ শীর্ষক গবেষণাধর্মী গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক, কবি-সাহিত্যিক, গবেষক, সংস্কৃতিসেবী, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুউদ্দীন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডের ইতিহাস, ঐতিহ্য এবং শিকড়ের মানুষদের জীবনসংগ্রামের কথা নথিভুক্ত ও সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। এ ধরনের দায়িত্বশীল গবেষণামূলক প্রকাশনা স্থানীয় ইতিহাসচর্চার পথকে যেমন সুগম করবে, তেমনি তরুণদের নিজেদের পরিচয় ও শিকড়কে জানতে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে সরাইল সরকারি কলেজের সাবেক বাংলা বিভাগীয় চেয়ারম্যান মানবর্ধন পাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রথম আলোর সরাইল প্রতিনিধি মো. বদর উদ্দিন বদু, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক এবং ত্রিতাল সংগীতালয়ের অধ্যক্ষ বাবু সঞ্জীব কুমার দেবনাথ সরাইলের ঐতিহাসিক বিবর্তন, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক অবদান নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন।

সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী।

আলোচকরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, মেঘনা ও তিতাস নদীবেষ্টিত পলিমাটির সরাইল জনপদ যুগ যুগ ধরে শিক্ষা, সাহিত্য ও সামাজিক প্রগতির অন্যতম কেন্দ্র হিসেবে পরিগণিত। এই অঞ্চলের গৌরবান্বিত ইতিহাস ও গুণীজনদের অবদানকে একটি মলাটবদ্ধ গ্রন্থে এনে লিপিবদ্ধ করার উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী।

অনুষ্ঠানে জানানো হয়, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, লেখক, গবেষক ও গণমাধ্যমকর্মী তৌফিক আহমেদ তফছির-এর দীর্ঘ অনুসন্ধান ও প্রামাণিক তথ্য সংগ্রহের ফসল হিসেবে ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ বইটি প্রকাশিত হয়েছে, যা আঞ্চলিক ইতিহাস সমৃদ্ধকরণে বিশেষ অবদান রাখবে।

আয়োজকদের মতে, সরাইলের হাজার বছরের ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতি ও কৃতীজনদের অবদানকে অনাগত দিনগুলোতে বাঁচিয়ে রাখা এবং সামাজিক নবজাগরণের চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই গ্রন্থটি প্রকাশের আলো দেখেছে। আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন এবং লেখকের শুভকামনা জানিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...