Logo Logo

বিজয়নগরে লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের বাঁশদিয়া গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হামদু মিয়া (৫৭), যিনি বাঁশদিয়া গ্রামের বন্দেরহাটি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব (১১) এবং একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিনের (১২) মধ্যে লুডু খেলা নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি হয়। অভিযোগ রয়েছে, ওই সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় আঘাত লাগে।

এই বিরোধের জেরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে হামদু মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় তাঁর আট বছরের শিশুসন্তান হাসান গুরুতর আহত হয়।

সংঘর্ষে লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া ও ইসলাম মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, বাঁশদিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়, যা পরবর্তীতে বড় সংঘর্ষে রূপ নেয়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রাথমিক অবস্থায় ৪ থেকে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...