Logo Logo

মাতৃদুগ্ধ দিবসের আলোচনা সভায় অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকের মৃত্যু


Splash Image

নেত্রকোনার মোহনগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন ডা. মো. মমিনুল ইসলাম (৪৭)। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


ডা. মো. মমিনুল ইসলাম মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা চলাকালে হঠাৎ অসুস্থ বোধ করেন ডা. মমিনুল ইসলাম। পরে হলরুম থেকে বের হয়ে নিচে নামার সময় তিনি মাথা ঘুরে পড়ে যান।

সহকর্মীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে তাকে নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে বেলা আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িতেই তার মৃত্যু হয়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অলকান্তি তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “অনুষ্ঠান চলাকালে ডা. মমিনুল অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে বেলা ২টা ৩০ মিনিটের দিকে গাড়িতেই তার মৃত্যু হয়।”

দায়িত্ব পালনরত অবস্থায় ডা. মো. মমিনুল ইসলামের এমন আকস্মিক মৃত্যুতে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...