বিজ্ঞাপন
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য গাজার শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। একজন সামরিক মুখপাত্র বলেছেন, নিহতরা হামাস জঙ্গি ছিল, তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।
গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এর আগে একটি ঘটনায় ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ গাজার দেইর আল-বালাহতে অবস্থিত আল-আকসা শহিদ হাসপাতালের ওষুধ মজুত রাখার দুটি গুদাম ধ্বংস হয়ে গেছে।
হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হাসপাতালের কাছে হামাসের একটি গোপন আস্তানায় হামলা চালিয়েছে, যেটি দলটি অস্ত্র মজুত করার জন্য ব্যবহার করত। এক সামরিক বিবৃতিতে বলা হয়, গাজায় হামাসের অস্ত্র মজুতের জন্য ব্যবহৃত অন্যান্য স্থানেও হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনী বলেছে, হামলাগুলো শিন বেত গোয়েন্দা সংস্থার নির্দেশে চালানো হয়েছে। তবে, ওই স্থানগুলোর কোনোটিতে হামাস অস্ত্র মজুদ করছিল— এই দাবির সমর্থনে তারা কোনো প্রমাণ প্রকাশ করেনি। দেইর আল-বালাহ হামলার রয়টার্স ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণস্থলে কয়েক মিটার চওড়া একটি গর্ত তৈরি হয়েছে এবং এলাকা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে, যার মধ্যে একটি ঘনবসতিপূর্ণ তাঁবুর বসতির কাছে চিকিৎসা সামগ্রী বলে মনে হওয়া কিছু জিনিসও রয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ওষুধ মজুত থাকা আরও দুটি গুদাম এবং হাসপাতালের বহির্বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হাসপাতাল জানিয়েছে, গুদামগুলোতে ডায়ালাইসিসরত কিডনি বিকল রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রীর পাশাপাশি ক্ষত পরিচর্যা ও নিয়মিত চিকিৎসায় ব্যবহৃত গজের মতো অন্যান্য সামগ্রীও মজুত ছিল।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক নেতা মোহাম্মদ দাহলান বলেছেন, ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার গাজায় হামলা বন্ধের লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে কাজ করছেন। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে। তবে এ উদ্যোগ সফল করতে ইসরায়েলকে গাজায় চলমান হামলা পুরোপুরি বন্ধ করতে হবে।
সূত্র: রয়টার্স।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...