Logo Logo

বকশীগঞ্জে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ, চালক আটক


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে র‌্যাব-১৪। এ সময় চোরাচালানের অভিযোগে আমজাদ নামে এক সিএনজি চালককে আটক করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পলাশতলা এলাকার লাউচাপড়া-বকশীগঞ্জগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি র‌্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময় শেরপুর জেলার বাসিন্দা ও সিএনজি চালক আমজাদকে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের অন্য সদস্যরা গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিচালিত অটোরিকশাটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আয়ুর্বেদিক তেল, স্কিন ক্রিম ও ফেসওয়াশসহ মোট ৫ হাজার ৭৭২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় কসমেটিক্স সংগ্রহ করে জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দ করা আলামতসহ বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...