বিজ্ঞাপন
রোববার (২ আগস্ট) গভীর রাতে কে বা কারা দ্বিতীয়বারের মতো সেই তোরণে আগুন ধরিয়ে দেয়। এতে পূর্ববর্তী অগ্নিকাণ্ডে না পোড়া তোরণের বাকি অংশটুকু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে ও আহত যোদ্ধাদের সম্মানে তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে শনিবার রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রথম দফায় তোরণটিতে আগুন ধরিয়ে দিয়ে চম্পট দেয়। ওই ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও পদবির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে রোববার গভীর রাতে তোরণটির অবশিষ্ট অংশে পুনরায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা।
ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানে জীবনদানকারী শহীদ ও আহত বীর যোদ্ধাদের স্মৃতি স্মরণে তোরণটি নির্মাণ করেছিলাম। প্রথম রাতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার পরদিন রোববার রাতে তোরণের অক্ষত অংশটুকুতেও পুনরায় আগুন ধরিয়ে দেয়। এভাবে পর পর দুইবার তোরণে অগ্নিসংযোগের মাধ্যমে জুলাই বিপ্লবের বীরদের চরম অবমাননা করা হয়েছে। অবিলম্বে তদন্তপূর্বক এই ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, তোরণটিতে প্রথমবার আগুন দেওয়ার পরপরই পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছিল। আজ সোমবার আবারও খবর পাওয়া যায় যে তোরণটির বাকি অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাটির পেছনে কে বা কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত পরিচালনা করছে পুলিশ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...