বিজ্ঞাপন
গত সোমবার (৩ আগস্ট) ভোর আনুমানিক ছয়টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের একটি বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। কাকডাকা ভোরে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুধলমৌ গ্রামের ওই বাড়িতে রক্ষিত একটি পরিত্যক্ত বালুর বস্তায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
পরবর্তীতে চিকিৎসকদের বিশেষ সুপারিশক্রমে আহতদের শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনায় ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। বরিশাল বিভাগীয় কমিশনার আহতদের চিকিৎসার প্রাথমিক খরচ বহনের জন্য নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
ঘটনার সংবাদ পেয়েই বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমানসহ পুলিশ ও র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে স্থানীয়দের আশ্বস্ত করেছেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সেখানে ঠিক কী ধরনের বিস্ফোরক বা রাসায়নিক ব্যবহার করা হয়েছিল, তা বিশেষজ্ঞদের দিয়ে আলামত পরীক্ষা ও পূর্ণাঙ্গ তদন্তের পরেই নিশ্চিত করে বলা সম্ভব হবে।"
উপজেলায় ইতঃপূর্বে এমন কোনো বিস্ফোরণের নজির না থাকায় পুরো বাকেরগঞ্জ জুড়েই এখন নানা রহস্য ও জনমনে আতঙ্ক দানা বাঁধছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...