Logo Logo

ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি ওপরে


Splash Image

টানা ভারী বৃষ্টি এবং উজানের ঢলের প্রভাবে আবারও ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা নদী। পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বর্তমানে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে।


বিজ্ঞাপন


বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ মিটার। সেখানে বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টাতেও একই মাত্রায় পানি প্রবাহের তথ্য রেকর্ড করা হয়।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এতে নদীসংলগ্ন লোকালয় ও ফসলি জমিতে পানি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, তিস্তার পানি হু-হু করে বেড়ে চরাঞ্চল ও লোকালয়ের নিচু এলাকাগুলোতে প্রবেশ করছে, যা প্লাবনের ঝুঁকি সৃষ্টি করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বুধবার সকাল ৬টা থেকেই তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রাত নাগাদ উজানের চাপ কমে পানি কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...