বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বৃক্ষরোপণ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, তেঁতুলিয়া ইউনিয়নের এমপি প্রতিনিধি ও উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ২০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুধু চারা বিতরণেই সীমাবদ্ধ থাকেনি এই উদ্যোগ। প্রতিটি চারার সঙ্গে ৫ কেজি করে জৈব সার এবং একটি করে বাঁশের খুঁটিও প্রদান করা হয়েছে, যাতে চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা সম্ভব হয়।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরিই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি গাছের সংখ্যা বৃদ্ধি পেলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণে বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত হলে সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে এই উদ্যোগ কার্যকর অবদান রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...