Logo Logo

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ


Splash Image

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ইয়াবাভর্তি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যায়। জব্দ হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৬ আগস্ট) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ আশারতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার জারুলিয়াছড়ি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অংশ নেয়।

অভিযান চলাকালে সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জারুলিয়াছড়ি এলাকায় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারীকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করে বিজিবি। এ সময় চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে দ্রুত পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় মোট ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে হলুদ রঙের ৮৯ হাজার ১৬টি এবং সবুজ রঙের ৯০০টি ইয়াবা ট্যাবলেট ছিল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির অভিযান সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...